সাজেকে অবরোধ ডেকে মানুষকে জিম্মি, চাঁদাবাজির অর্থে ইউপিডিএফের লোকদেখানো ত্রাণ বিতরণ!
![]()
মোঃ সাইফুল ইসলাম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দীর্ঘদিন ধরে অবরোধের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক উপজাতিভিত্তিক সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ এই অবরোধ দিয়ে এক মানবিক সংকট সৃষ্টি করেছে। অবরোধের মাধ্যমে সাধারণ মানুষকে কার্যত জিম্মি করে রাখার পর আবার মানবিকতার ফেরিওয়ালার ভূমিকা নিচ্ছে এসব সন্ত্রাসীরা। অবরোধে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে মানবিকতার প্রচার—এমন লোকদেখানো মানবিকতা প্রচার করছে ফেসবুকসহ সামাজি ক যোগাযোগমাধমে। মূলত, সাধারণ পাহাড়িদের কাছ থেকে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ থাকা সংগঠনটির এ ধরনের ত্রাণ বিতরণ মূল সংকট আড়াল করার প্রচেষ্টা।
সম্প্রতি সাজেকের উজো বাজার এলাকায় গুটি কয়েক মানুষের মধ্যে চাল বিতরণ করেছে ইউপিডিএফের ছায়া সংগঠন সাজেক গণ অধিকারক কমিটি ও অবরোধ বাস্তবায়ন গণ কমিটি। সংগঠন দুটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত ২২ অক্টোবর উজো বাজারে অবরোধ চলাকালে সেনাবাহিনীর অভিযানের পর থেকে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছে। এ কারণে তাঁদের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে, সাজেকে টানা প্রায় তিন সপ্তাহ ধরে অবরোধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ বা সীমিত হয়ে পড়ায় বাজারে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সরবরাহে সংকট তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, ক্ষুদ্র দোকানি, শ্রমজীবী মানুষ এবং স্বল্প আয়ের পরিবারগুলো। যাঁদের দৈনিক উপার্জনের ওপর সংসার চলে, তাঁদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। খাদ্যসংকট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারণ বাসিন্দাদের।
অভিযোগ রয়েছে, ইউপিডিএফ দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকার সাধারণ পাহাড়িদের কাছ থেকে চাঁদা আদায়, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের মাধ্যমে নিজেদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগও রয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে অভিযুক্ত একটি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কমিটিগুলোর ত্রাণ বিতরণ লোকদেখানো মানবিক কর্মকাণ্ড ছাড়া কিছুই নয়।
সম্প্রতি ইউপিডিএফের অবরোধের কারনে এক উপজাতি প্রসূতিকে হাসপাতালে নিতে না পারায় তার মৃত্যু হয়। এই মৃত্যু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইউপিডিএফ সন্ত্রাসীদের মানবতার মাত্রা।
প্রশ্ন, অবরোধের কারণে যদি সাধারণ মানুষের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায়, নিত্যপণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হয় এবং পরিবারগুলো খাদ্যসংকটে পড়ে, তাহলে সেই সংকট তৈরির জন্য দায়ী কর্মসূচি অব্যাহত রেখে সামান্য ত্রাণ বিতরণের মাধ্যমে মানবিকতার পরিচয় দেওয়ার অর্থ কী? মানুষের জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে দেওয়ার পরিবর্তে সাময়িক খাদ্যসহায়তা দিয়ে দুর্ভোগের প্রকৃত চিত্র আড়াল করা হচ্ছে কি না?
সাজেকের সাধারণ মানুষের প্রত্যাশা, অবরোধ ও চাঁদাবাজির অভিযোগের অবসান ঘটিয়ে স্বাভাবিক চলাচল, নিরাপদ ব্যবসা-বাণিজ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা হোক। কারণ, সাধারণ মানুষের জীবিকা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত না করে ত্রাণ বিতরণের প্রচার দিয়ে দীর্ঘমেয়াদি সংকটের সমাধান সম্ভব নয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।