লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকো-কার্ডিওগ্রাম সেবা
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগ নির্ণয়ের জন্য ইকো-কার্ডিওগ্রাম সেবা চালু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়। এর ফলে লামা, বমুবিলছড়ি ও পার্শ্ববর্তী আলীকদম উপজেলার রোগীদের হৃদযন্ত্রের পরীক্ষা করাতে দূরের শহরে যাওয়ার ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। বিশেষ অতিথি ছিলেন লামার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. সোলাইমান। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী, চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের ওপর নির্ভর না করে স্থানীয় পর্যায়ে অর্থায়ন ও কারিগরি সহায়তার মাধ্যমে এ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়। উপজেলা পরিষদ, সাবেক ইউএনও মো. মঈন উদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের অর্থায়ন ও সমন্বিত প্রচেষ্টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এ সুবিধা যুক্ত হয়েছে।

এত দিন লামা, বমুবিলছড়ি ও আলীকদমের হৃদরোগীদের ইকো-কার্ডিওগ্রাম পরীক্ষা করাতে বান্দরবান জেলা সদর কিংবা চট্টগ্রাম ও কক্সবাজারের মতো বড় শহরে যেতে হতো। এতে রোগীদের সময় ও যাতায়াতের বাড়তি ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতো। স্থানীয়ভাবে এ সেবা চালু হওয়ায় রোগীরা এখন তুলনামূলক কম খরচে হৃদযন্ত্রের পরীক্ষা করানোর সুযোগ পাবেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে নতুন অ্যাম্বুলেন্সসহ আরও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নত করার পরিকল্পনা রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।