কক্সবাজারে অগ্নিকাণ্ড: রিসোর্ট মালিকসহ ৪ জনের নামে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর পাটুয়ারটেক এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় মামলা করেছে পুলিশ।
রিসোর্ট মালিক তানভীর আহমদকে মামলার প্রধান আসামি করা হয়েছে। অপর আসামি ব্যবস্থাপক মোহাম্মদ সুমনকে শনিবার আটক করা হয়। পরে তাকে মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
রবিবার (১৮ অক্টোবর) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপপরিদর্শক (এসআই) আশীষ সূত্রধর বাদী হয়ে শনিবার রাতে এ মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৯ জনকে আসামি করা হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন পাটুয়ারটেক সৈকত এলাকার ওই রিসোর্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে নয়জনের নাম জানা গেছে। তারা হলেন, ঢাকার বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভি (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), ফাইজান আহমেদ (৫), সাবরিন (২৩), জেরিফ (১৮), নাফিস্তা মীম (২৭), নাসরিন আক্তার মুক্তা (২৯) ও ফারিহা কবির (৩৩)। নিহত অপর একজনের পরিচয় জানা যায়নি।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের নেতৃত্বে গঠিত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিস, উখিয়া উপজেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধি থাকবেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ জানান, সমুদ্রের তীব্র বাতাসে কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জেলায় ৫০০টির বেশি হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। এর অনেকগুলোই বাধ্যতামূলক অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, জুন মাসে ফায়ার সার্ভিসের এক পরিদর্শক রিসোর্টটি পরিদর্শন করেন এবং ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ১১ জুন আনুষ্ঠানিক নোটিশ দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।