সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা শুরু, প্রথম ব্যাচে ১০ তরুণ
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য অঞ্চলের যুবসমাজকে প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তোলা, বেকারত্ব হ্রাস এবং কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে মহালছড়ি জোনের পাহাড়িকা ক্যান্টিনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন জোনের ক্যাপ্টেন তাহমিদ সামিন। প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচে ১০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
মহালছড়ি জোন সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের বেকার যুবকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং তাদের কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে চাকরি কিংবা আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক হতে পারে।

এ বিষয়ে মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ জানান, পাহাড়ি অঞ্চলে বেকারত্ব কমানো, যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে মহালছড়ি জোন বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করছে। কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালাও সেই ধারাবাহিক উদ্যোগের একটি অংশ।
তিনি বলেন, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ তৈরি করাই এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজ নিজেদের ভবিষ্যৎ গঠনের পাশাপাশি স্থানীয় পর্যায়েও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, পার্বত্য অঞ্চলের তরুণদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কম্পিউটার ব্যবহারের মৌলিক দক্ষতা অর্জনের সুযোগ তরুণদের আধুনিক কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত হতে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরিতে সহায়তা করবে। মহালছড়ি জোনের এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথ আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।