টেকনাফের নাফ নদীতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ কোস্ট গার্ড আউটপোস্টের সদস্যরা নাফ নদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি তাঁদের নজরে আসে। বোটটিকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা ব্যক্তিরা দ্রুত পালিয়ে যান।
পরে সন্দেহজনক বোট ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে নদীতে ভাসমান একটি বস্তা উদ্ধার করেন কোস্ট গার্ডের সদস্যরা। বস্তাটি তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নাফ নদী থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মাদক পাচারকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধ ও পাচারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
সীমান্তবর্তী নাফ নদীকে ব্যবহার করে মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।