পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৩ বসতবাড়ি পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ৪ পরিবার
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় মালামাল, নগদ অর্থ ও দীর্ঘদিনের সঞ্চয় পুড়ে গেছে। সর্বস্ব হারিয়ে পরিবারগুলোর সদস্যরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে পেকুয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মইয়্যাদিয়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আবুল বশর, আবুল কাশেম, আবু তাহের ও আবু তালেবের পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে আবু তাহেরের বসতঘরে থাকা একটি কুপিবাতি অসাবধানতাবশত মাটিতে পড়ে যায়। এতে মেঝেতে বিছানো পলিথিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পাশের বসতঘরগুলোতেও ধরে যায়।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হলে পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। তবে সেখানে যাওয়ার উপযোগী রাস্তা না থাকায় দলটি সময়মতো পৌঁছাতে পারেনি। এর মধ্যেই আগুনে তিনটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের ঘরবাড়ির পাশাপাশি প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। বর্তমানে তাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা না পেলে তাদের ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং সরকারি উদ্যোগে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।