রাঙামাটিতে উপজাতি সন্ত্রাসীদের হামলায় যুবলীগ নেতাসহ আহত ৩ - Southeast Asia Journal

রাঙামাটিতে উপজাতি সন্ত্রাসীদের হামলায় যুবলীগ নেতাসহ আহত ৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে উপজাতি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় এক ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতুসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহত অন্যান্যরা হলেন, ইউনিয়ন যুবলীগ কর্মী মোঃ তৌহিদুল ইসলাম তপু (২৭) এবং নৌকার মাঝি অবিনাশ দাশ (৪৫)। তারা সকলেই রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকার বাসিন্দা। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টায় কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম তপুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত যুবলীগ সভাপতি বিপ্লব সেন লাতু এবং নৌকার মাঝি অবিনাশ দাশ বর্তমানে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা হাসপাতালের চিকিৎসকরা জানান, আহত ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতুর মাথায় ৩টি সেলাই করা হয়েছে।

বিপ্লব সেন লাতু জানান, তিনি এবং তার অপর দু’সঙ্গী গতকাল (বুধবার) রাত ১০টায় সাংগঠনিক কাজে রাইখালীর ডলুছড়ির আলু মং মারমার বাড়ীতে অবস্থান করছিলেন। তারা রাত প্রায় ১১টায় ওই ঘর থেকে বের হওয়ার সাথে সাথে অজ্ঞাত নামা ৫-৬ জন পাহাড়ী সন্ত্রাসী অতর্কিত তাদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা বড় বড় লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকীর সহায়তায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তিনি জানান, মুখ বাঁধা থাকায় তারা সন্ত্রাসীদের চিনতে পারেনি। তিনি সুস্থ হলে থানায় মামলা করবেন বলে জানান।

কাপ্তাই চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি বিষয়টি জেনেছেন, তবে এই বিষয়ে কেউ এখনো থানায় মামলা করেননি। কেউ মামলা করলে দোষীদের আইনের আওতায় আনা হবে।