কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার বিশ্বজয়ের স্বপ্নপূরণ, নেপালের ১২ শৃঙ্গ ও গিরিপথ জয়

কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার বিশ্বজয়ের স্বপ্নপূরণ, নেপালের ১২ শৃঙ্গ ও গিরিপথ জয়

কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার বিশ্বজয়ের স্বপ্নপূরণ, নেপালের ১২ শৃঙ্গ ও গিরিপথ জয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

১০৪ দিনের দুঃসাহসিক অভিযান শেষে মানাসলুর ৫,১০৬ মিটার উঁচু লারকে লা পাসে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গার তরুণ সাইক্লিস্ট বীর কুমার তনচংগ্যা পূরণ করলেন দীর্ঘদিনের স্বপ্ন। সমুদ্রপৃষ্ঠের শূন্য উচ্চতা থেকে সাইকেল চালিয়ে ভারত হয়ে নেপালে পৌঁছে দুর্গম পাহাড়ি পথ, উচ্চতম গিরিপথ ও পর্বতশৃঙ্গ জয়ের এক দুঃসাহসিক অভিযানে সফল হয়েছেন তিনি। ১০৪ দিনের এই অভিযানে নেপালের চারটি দুর্গম ট্রেইল, তিনটি উচ্চ পর্বতগিরিপথ এবং পাঁচটি পর্বতশৃঙ্গ জয় করে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে উড়িয়েছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নেপালের মানাসলু সার্কিটের সর্বোচ্চ গিরিপথ লারকে লা পাসের ৫ হাজার ১০৬ মিটার (১৬ হাজার ৭৫২ ফুট) উচ্চতায় পৌঁছান তিনি। স্থানীয় সময় সকাল ৯টা ৪৮ মিনিটে শেষ নির্ধারিত পাস সামিট সম্পন্ন করার মধ্য দিয়ে তাঁর অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণ হয়। আয়োজকের দেওয়া তথ্য অনুযায়ী, এই অভিযানের মাধ্যমে প্রথম বাংলাদেশি ও প্রথম আদিবাসী সাইক্লিস্ট হিসেবে সমুদ্রপৃষ্ঠের শূন্য উচ্চতা থেকে সাইকেল চালিয়ে নেপালে গিয়ে এসব দুর্গম ট্রেইল ও পর্বতপথ জয় করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

জানা যায়, গত ১৬ আগস্ট কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠের শূন্য উচ্চতার স্থান থেকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন বীর কুমার তনচংগ্যা। ভারত হয়ে সড়কপথে নেপালে পৌঁছে শুরু করেন একের পর এক দুর্গম পাহাড়ি অভিযান। দীর্ঘ এই যাত্রায় তাঁকে মোকাবিলা করতে হয়েছে প্রচণ্ড গরম, হাড়কাঁপানো শীত, তুষারপাত, প্রতিকূল আবহাওয়া, দুর্গম পাহাড়ি পথ, শারীরিক ক্লান্তি ও আর্থিক সংকটের মতো নানা চ্যালেঞ্জ।

অভিযানের মূল লক্ষ্য ছিল নেপালের চারটি চ্যালেঞ্জিং ট্রেইল—এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প ও মানাসলু সার্কিট জয় করা। পাশাপাশি এভারেস্ট অঞ্চলের কংমা লা, চো লা ও রেনজো লা—এই তিনটি উচ্চ পর্বতগিরিপথ এবং নাংকারশাং পিক, ছুকুং রি পিক, কালাপাথর, গোকিও রি ও পিকে পিকসহ পাঁচটি পর্বতশৃঙ্গের চূড়ায় বাংলাদেশের পতাকা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন তিনি।

বীর কুমার তনচংগ্যার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্প, ৪ নভেম্বর ৫ হাজার ৪১৬ মিটার উচ্চতার অন্নপূর্ণা সার্কিটের থরং লা পাস এবং ৯ নভেম্বর ৪ হাজার ১৩০ মিটার উচ্চতার অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করেন তিনি। সর্বশেষ শুক্রবার ৫ হাজার ১০৬ মিটার উচ্চতার লারকে লা পাস সামিটের মধ্য দিয়ে মানাসলু সার্কিটের নির্ধারিত লক্ষ্য পূরণ করেন।

কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার বিশ্বজয়ের স্বপ্নপূরণ, নেপালের ১২ শৃঙ্গ ও গিরিপথ জয়

এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চ পর্বতগিরিপথের মধ্যে ২১ সেপ্টেম্বর ৫ হাজার ৫৫০ মিটার উচ্চতার কংমা লা পাস, ১ অক্টোবর ৫ হাজার ৪২০ মিটার উচ্চতার চো লা পাস এবং ৬ অক্টোবর ৫ হাজার ৩৬০ মিটার উচ্চতার রেনজো লা পাস জয় করেন তিনি।

এ ছাড়া পাঁচটি পর্বতশৃঙ্গের মধ্যে ১৮ সেপ্টেম্বর ৫ হাজার ৮৩ মিটার উচ্চতার নাংকারশাং পিক, ১৯ সেপ্টেম্বর ৫ হাজার ৫৫০ মিটার উচ্চতার ছুকুং রি পিক, ২৩ সেপ্টেম্বর কালাপাথর, ৪ অক্টোবর ৫ হাজার ৩৫৭ মিটার উচ্চতার গোকিও রি এবং ১৩ অক্টোবর ৪ হাজার ৬৫ মিটার উচ্চতার পিকে পিকের চূড়ায় আরোহণ করেন এই অভিযাত্রী।

তবে বীর কুমার তনচংগ্যার এই অভিযান কেবল পাহাড়ের চূড়ায় পৌঁছানো কিংবা ব্যক্তিগত রেকর্ড গড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। স্বেচ্ছায় রক্তদান এবং জলবায়ু ন্যায়বিচার বা ক্লাইমেট জাস্টিস বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও ছিল অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য। দুর্গম পাহাড়ি পথে দীর্ঘ যাত্রার মাধ্যমে এসব সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

অভিযানের সার্বিক সহযোগিতার বিষয়ে বীর কুমার তনচংগ্যা জানান, সার্কভুক্ত দেশের ভিসা প্রাপ্তিসহ বিভিন্ন পর্যায়ে সহযোগিতা দিয়ে তাঁর এই অভিযান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ ছাড়া অভিযানের শুরু থেকে বিভিন্ন সময়ে যাঁরা সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

লারকে লা পাস জয় করলেও অভিযান এখানেই শেষ হচ্ছে না। পরিকল্পনার বাইরে আগামী ২৮ নভেম্বর মানাসলু বেস ক্যাম্প সামিটের পরিকল্পনা রয়েছে তাঁর। এরপর দেশে ফিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দীর্ঘ অভিযানের অভিজ্ঞতা, সাফল্য ও প্রতিকূলতার বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন এই সাইক্লিস্ট।

কাপ্তাইয়ের পাহাড়ি জনপদ থেকে শুরু করে নেপালের দুর্গম পর্বতাঞ্চলে বাংলাদেশের পতাকা তুলে ধরার এই যাত্রা বীর কুমার তনচংগ্যার ব্যক্তিগত স্বপ্নপূরণের পাশাপাশি দেশের তরুণ প্রজন্মের সামনে সাহস, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *