এক সপ্তাহে করোনা আক্রান্ত মেট্রোরেলের ৪৮ কর্মী
![]()
নিউজ ডেস্ক
দেশে করোনা সংক্রমণের পর এ পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ৫১৮ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ১ সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৪৮জন। তাই, বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মেট্রোরেল চালু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) অনলাইন ব্রিফিংয়ে এসব কথা জানান মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। এ সময় তিনি জানান, এখন পর্যন্ত মেট্রোরেলের সার্বিক অগ্রগতি হয়েছে সাড়ে ৬১ ভাগ।
বিজয়ের ৫০ বছরে, আগামী ১৬ ডিসেম্বর মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছিল নির্মাণ কাজ। কিন্তু করোনার কারণে সে লক্ষ্য অর্জনে সংশয় দেখা দিয়েছে। প্রকল্পের বেশ কিছু কর্মী করোনা আক্রান্ত হওয়ায় কিছুটা কমেছে নির্মাণকাজের গতি।
এখন পর্যন্ত প্রকল্পের ৫১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক। তাদের চিকিৎসা নিশ্চিতে ফিল্ড হাসপাতালে বাড়ানো হচ্ছে ব্যবস্থা। এম এ এন ছিদ্দিক এসময় আরো জানান, এখন পর্যন্ত উত্তরা-মতিঝিল অংশের সার্বিক অগ্রগতি প্রায় ৬১ দশমিক ৪৯ ভাগ। আর, আগারগাঁও-মতিঝিল অংশের অগ্রগতি ৫৮ ভাগের বেশি।
বিফ্রিং এ জানানো হয়, মেট্রোরেলের ভাড়া নির্ধারণে কমিটি গঠন হয়েছে। কারিগরি ও সাধারণ তথ্য বিশ্লেষণ করে এ মাসেই ভাড়া নির্ধারণ করা হবে বলে জানান প্রকল্প কর্মকর্তারা।
নির্ধারিত সময়ের মধ্যেই মেট্রোরেলের ৫টি ট্রেন সেট আসবে বলেও জানান প্রকল্প পরিচালক। এর মধ্যে প্রথমটি আসবে আগামী ২৩শে এপ্রিল।
করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে জুনে বিমানবন্দর থেকে নতুনবাজার পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজ শুরু হতে পারে বলেও জানান তিনি।