উখিয়া শিবিরে আবারও রোহিঙ্গা খুন - Southeast Asia Journal

উখিয়া শিবিরে আবারও রোহিঙ্গা খুন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আজ মঙ্গলবার বিকেলে আরো এক রোহিঙ্গা খুন হয়েছেন। নিহত মো. শাহাবুদ্দিন (৩৫) পালংখালী ইউনিয়নের ১২ নম্বর ময়নার ঘোনা শিবিরের সাব-মাঝি হিসেবে কর্মরত ছিলেন।

আরাকান রোহিঙ্গা স্যালভেসন আর্মির (আরসা) সদস্যরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে সাধারণ রোহিঙ্গারা। এর আগে গত ১৪ নভেম্বর রাতে তুমব্রু সীমান্তের শূন্য রেখায় অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে ডিজিএফআইয়ের এক কর্মকর্তাকে হত্যা করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, আনুমানিক ২০-৩০ জনের অস্ত্রধারী সন্ত্রাসী শাহাবুদ্দিনের বাসায় হানা দেয়। তারা তাকে ঘরের পেছনের দরজা থেকে টেনে বের করে উপর্যুপরি গুলি করে। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।

ওসি আরো জানান, সন্ত্রাসীরা শাহাবুদ্দিনকে গুলির পর ছুরি দিয়ে বুকে ও পিঠে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

এদিকে ঘটনার পর রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ টহল বাড়ানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।