দোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধন সেপ্টেম্বরে: রেলসচিব
![]()
নিউজ ডেস্ক
দোহাজারী-কক্সবাজার রেললাইন আগামী সেপ্টেম্বরে চালু হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নতুন এই রেললাইনের উদ্বোধন করতে পারেন। এই লাইন চালু হলে সারা দেশের মানুষের ট্রেনে করে পর্যটন শহর কক্সবাজারে যাওয়ার স্বপ্ন পূরণ হবে।
শনিবার (৬ মে) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় দোহাজারী-কক্সবাজার রেললাইন চালুর বিষয়ে এই তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর। কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর সংস্কারকাজ বাস্তবায়ন ও ফেরি চালুর বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি রেলসচিব মো.হুমায়ুন কবীর বলেন, বর্তমান সরকার রেলপথ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দোহাজারী-কক্সবাজার রেললাইন হচ্ছে। নতুন রেলপথ দিয়ে ১২০-১৩০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। মানুষ প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পর্যটন শহরে যাবেন।