টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ মাদক দুই ব্যবসায়ী আটক - Southeast Asia Journal

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ মাদক দুই ব্যবসায়ী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ থানাধীন মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

গত ১১ মে বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর আভিযানিক দল টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহেশখালীয়াপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনার দুইজন ব্যক্তি তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা ও শপিং ব্যাগসহ কৌশলে তড়িৎ গতিতে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দলের নিকট আটক হয় বলে তিনি জানান।

উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিদের দেহ ও তাদের হেফাজতে থাকা বস্তা/শপিং ব্যাগ থেকে সর্বমোট ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়ার মোজাহার মিয়ার ছেলে মো. নুরুল মোস্তফা (৩০) এবং একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ ইউনুছ (৪৩)।

এ সময় আরও জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।