উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত, আহত ১
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় একজন আহত হন।
গত ১১ মে বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের-১১ ব্লকে এ ঘটনা ঘটেছে।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কবির আহমদ (৩৫) কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-ব্লকের আবুল হোসেনের ছেলে।
এ সময় গুলিবিদ্ধ হয়েছেন নিহত কবির আহমদের বন্ধু উখিয়া উপজেলার লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ রফিক (৩০)।
তবে কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, তা এখন নিশ্চিত নয় বলে জানিয়েছে এপিবিএন।
স্থানীয়দের বরাতে এডিশনাল ডিআইজি বলেন, ‘মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে ১১ ব্লকে অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ দুষ্কৃতকারী আগে কবির আহমদকে হাত পিছমোড়া করে ও মুখ বেঁধে কয়েকটি গুলি করে। এ সময় কবির আহমদের সঙ্গে থাকা বন্ধু মোহাম্মদ রফিকও গুলিবিদ্ধ হন। গোলাগুলির খবর শুনে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কবির আহমদকে মৃত ঘোষণা করেন।’
এডিশনাল ডিআইজি আরও বলেন, ‘প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
নিহত কবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ছৈয়দ হারুনুর রশীদ।