নিজেদের খাবার ঈদ উপহার হিসেবে বিলিয়ে দিলো সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
ঈদের প্রীতি উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন সিলেট অঞ্চল।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি গ্রামে দুস্থ ও অসহায় ২০০ পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ঈদ উপহার সামগ্রী হিসেবে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি চিনিগুড়া চাল, গুঁড়াদুধ, লবণ ও সেমাই দেয়া হয়।
এছাড়াও বিভিন্ন ইউনিটের মাধ্যমে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে সহস্রাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে সেনাবাহিনী।
ঈদ উপহার সামগ্রী বিতরণের পর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ওয়াসিক বিল্লাহ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ই জনসাধারণের সাথে সম্পৃক্ত থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের পিপলস আর্মি হয়ে ওঠার প্রচেষ্টা রেখেছে।
তিনি আরও বলেন, সেনাসদস্যরা নিজেদের জন্য বরাদ্দ করা এসব শুকনো খাবার স্বত:স্ফূর্তভাবে দিয়েছেন। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের দিক নির্দেশনায় এবং ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারীর সার্বিক তত্ত্বাবধানে সিলেট অঞ্চলে এ ঈদ উপহার কার্যক্রম চলছে।