কুমিল্লায় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন ৮,৬৯২ জন
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে কুমিল্লা এরিয়ায় সফলভাবে একটি বৃহৎ মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
গত ৬ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কুমিল্লা অঞ্চলের লাকসাম, রামগঞ্জ, চৌমুহনী, সোনাগাজী, হাজীগঞ্জ ও নবীনগর এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় মোট ৮ হাজার ৬৯২ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। চিকিৎসা পাওয়া রোগীদের মধ্যে পুরুষ ২ হাজার ৩৯৬ জন, নারী ৩ হাজার ৯৬৬ জন এবং শিশু ২ হাজার ৩৩০ জন। পাশাপাশি স্থানীয় অ্যানেস্থেশিয়ার মাধ্যমে ২১টি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়, যা দুর্গম ও জনবহুল এলাকায় স্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

চিকিৎসাসেবায় সাধারণ জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, মাতৃ ও শিশুস্বাস্থ্য সংক্রান্ত সমস্যাসহ বিভিন্ন সাধারণ ও জটিল রোগের চিকিৎসা প্রদান করা হয়। অভিজ্ঞ সেনা চিকিৎসক ও মেডিকেল টিমের নিবিড় তত্ত্বাবধানে পুরো কার্যক্রম পরিচালিত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সন্তোষ ও আস্থা লক্ষ্য করা গেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যুদ্ধকালীন দায়িত্বের পাশাপাশি শান্তিকালীন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী যে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে, এই মেডিকেল ক্যাম্পেইন তারই বাস্তব প্রতিফলন।

প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়ন—সব ক্ষেত্রেই বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক ভূমিকা সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।