বিদেশি পিস্তলসহ বগুড়ায় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রী আটক
![]()
নিউজ ডেস্ক
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ এক চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও তার সহযোগী (স্ত্রী)কে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার বিকাল আনুমানিক ৩টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৪০ বীর-এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
সূত্র জানায়, ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন এলাকা থেকে মো. সাজ্জাদ হোসেন নামের একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ তার কাছে জার্মানিতে তৈরি একটি ৯ এমএম পিস্তল রয়েছে বলে স্বীকার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত সাজ্জাদকে সঙ্গে নিয়ে আভিযানিক দল তার নিজ বাড়িতে অস্ত্র উদ্ধারে গেলে, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও স্ত্রী জান্নাত আক্তার পিস্তলটি বাড়ির পাশের একটি নর্দমায় ফেলে দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে এলে অধিনায়ক লেঃ কর্নেল তানভীর-এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এলাকায় দক্ষতার সঙ্গে সার্চ অপারেশন পরিচালনা করে নর্দমা থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করতে সক্ষম হন।
এ সময় অভিযানে সাজ্জাদের বাড়ি থেকে কয়েকটি ধারালো দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতারকৃত সন্ত্রাসী ও তার স্ত্রীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দমন করতে এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, নির্বাচনী সময়কে ঘিরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও সন্ত্রাসী তৎপরতা দমনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।