ভুয়া দাবি: নারী সেনাসদস্যের হাতে পুলিশ কনস্টেবলকে থাপ্পড়-ছবিটি এআই দিয়ে সম্পাদিত
![]()
নিউজ ডেস্ক
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ ও এক নারী সেনাসদস্যের একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—পুলিশের এক কনস্টেবলকে ক্ষোভের বশে থাপ্পড় দিচ্ছেন সেনাবাহিনীর ওই নারী সদস্য। ছবিটি ঘিরে নানা বিভ্রান্তিকর ক্যাপশন ও মন্তব্য দ্রুত ভাইরাল হয়।
তবে অনুসন্ধানে জানা গেছে, উক্ত দাবি সম্পূর্ণ মিথ্যা। ছবিটি কোনো থাপ্পড় দেওয়ার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি গত বছরের নভেম্বরে রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত এক পুলিশ সদস্যকে সেনাসদস্যদের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেওয়ার সময়ের ফুটেজ থেকে নেওয়া। ওই ফুটেজকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ও সম্পাদনা করে ভিন্ন দাবি সংযুক্ত করে প্রচার করা হয়েছে।
দেখুনঃ https://perma.cc/Z9VW-DDGE
অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘নিউজ হান্ট’-এর ফেসবুক পেজে ২০২৫ সালের ১৭ নভেম্বর প্রকাশিত একটি ভিডিওতে একই ফুটেজ পাওয়া যায়। ভিডিও ও আলোচিত ছবির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, নারী সেনাসদস্য ও পেছনে দাঁড়িয়ে থাকা অন্যান্য সেনাসদস্যদের অবস্থান ও ভঙ্গি হুবহু এক। তবে ভাইরাল ছবির মতো কোনো থাপ্পড় দেওয়ার দৃশ্য ভিডিওতে নেই। বরং ভিডিওতে আহত পুলিশ সদস্যকে ব্যান্ডেজ লাগিয়ে সেবা দিতে দেখা যায় ওই নারী সেনাসদস্যকে।
দেখুনঃ https://perma.cc/FF5R-Z83E
তুলনামূলক এই পর্যালোচনায় স্পষ্ট হয়, মূল ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে প্রযুক্তির সহায়তায় ছবিটি পরিবর্তন করা হয়েছে। আরও যাচাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক এআই ডিটেকশন টুল ব্যবহার করে দেখা গেছে, ছবিটি এআই দিয়ে সম্পাদিত হওয়ার সম্ভাবনা ৮৫ শতাংশেরও বেশি।
ফলে পুলিশের কনস্টেবলকে নারী সেনাসদস্য কর্তৃক থাপ্পড় দেওয়ার দৃশ্য—এ দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়। এটি ধানমন্ডি-৩২ এলাকার সংঘর্ষে আহত পুলিশ সদস্যকে সেনাসদস্যদের চিকিৎসা সহায়তার প্রকৃত ফুটেজ বিকৃত করে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা একটি ভুয়া কনটেন্ট।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-নির্ভর ভুয়া ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে; তাই এমন কনটেন্ট দেখলে উৎস যাচাই ও দায়িত্বশীল আচরণ জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।