আসামে ‘বিদেশি’ ঘোষিত তিনজনকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ ফরেনার্স ট্রাইব্যুনালের
![]()
নিউজ ডেস্ক
ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলা প্রশাসন ফরেনার্স ট্রাইব্যুনাল (এফটি) কর্তৃক ‘বিদেশি’ ঘোষিত তিন ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে আসাম ও ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। নোটিশ প্রাপ্তির পর নির্ধারিত সময়ের মধ্যেই নির্দিষ্ট রুট ব্যবহার করে তাদের দেশত্যাগ করতে বলা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৫০ সালের ইমিগ্রান্টস (এক্সপালশন ফ্রম আসাম) অ্যাক্ট-এর ২ নম্বর ধারায় জেলা কমিশনার ২ ফেব্রুয়ারি এই বহিষ্কার আদেশ জারি করেন। এর আগে পৃথক মামলায় ফরেনার্স ট্রাইব্যুনাল ওই তিনজনকে বিদেশি হিসেবে ঘোষণা দেয়।
বহিষ্কারাদেশপ্রাপ্তরা হলেন—মানজা থানার নাদিপার গ্রামের বাসিন্দা মো. ফয়জুল হক, যিনি এফটি মামলা নং ২৮০/২০০৬ (সি)-তে বিদেশি ঘোষিত; একই থানার হিদিম তেরন বস্তির বাসিন্দা মো. রফিকুল আলী, এফটি মামলা নং ২০৩/২০০৭ অনুযায়ী বিদেশি ঘোষিত; এবং বোকাজান থানার যাদব রাই গ্রান্ট এলাকার বাসিন্দা মো. ফকরুদ্দিন, যিনি এফটি মামলা নং ৮৯৭/২০০৬ (সি)-তে বিদেশি হিসেবে চিহ্নিত হন।
আদেশ অনুযায়ী, তাদের ধুবড়ি, শ্রীভূমি অথবা দক্ষিণ সালমারা-মানকাচার জেলার নির্ধারিত পথ ব্যবহার করে আসাম ও ভারত ত্যাগ করতে বলা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বহিষ্কার আদেশ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।
প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, বহিষ্কারাদেশপ্রাপ্তদের চল ও অচল সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি হিসাবে জমা দিতে হবে। পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, রেশন কার্ড বাতিল, আধার কার্ড স্থগিত বা বাতিল এবং সব ধরনের সরকারি কল্যাণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে তাদের বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আদেশ কার্যকর করে জেলা প্রশাসনে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ফরেনার্স ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নে আসাম সরকার সম্প্রতি জেলা প্রশাসনগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এর ধারাবাহিকতায় গত কয়েক মাসে একাধিক জেলায় একই ধরনের বহিষ্কার আদেশ জারি করা হয়েছে, যা রাজ্যজুড়ে অবৈধ অভিবাসন ইস্যুতে প্রশাসনের কঠোর অবস্থানেরই প্রতিফলন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।