মণিপুরে কুকি-জো শান্তিচুক্তি চূড়ান্তের পথে, স্বায়ত্তশাসন পেতে পারে পাহাড়ি জেলাগুলো
![]()
নিউজ ডেস্ক
মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার মধ্যেই কুকি–জো জনগোষ্ঠীর সঙ্গে একটি শান্তিচুক্তি চূড়ান্ত করার শেষ পর্যায়ে রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই চুক্তি নাগাল্যান্ডের পূর্বাঞ্চলের জন্য সম্প্রতি স্বাক্ষরিত ‘ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি (এফএনটিএ)’ মডেলের অনুরূপ হতে পারে, যেখানে নির্দিষ্ট কিছু জেলাকে বাড়তি প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, প্রস্তাবিত চুক্তির আওতায় মণিপুরের পাহাড়ি জেলাগুলোকে সংবিধানের ৩৭১(সি) অনুচ্ছেদের অধীনে অধিক প্রশাসনিক, আর্থিক ও সীমিত আইনগত ক্ষমতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এই আশ্বাসের ভিত্তিতেই উপ-মুখ্যমন্ত্রী নেমচা কিপজেনসহ তিনজন কুকি বিধায়ক মৈতেই নেতা যুমনাম খেমচন্দ সিংয়ের নেতৃত্বাধীন সরকারে যোগ দেন বলে জানা গেছে।
তবে সূত্রগুলো বলছে, আগামী বছর অনুষ্ঠিতব্য রাজ্য বিধানসভা নির্বাচনের আগে চুক্তিটি চূড়ান্ত না-ও হতে পারে। ইম্ফল উপত্যকাভিত্তিক মৈতেই জনগোষ্ঠীর রাজনৈতিক ও সামাজিক সম্মতি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার সময় নিতে চাইছে। আলোচনায় রয়েছে ৩৭১(সি) অনুচ্ছেদ সংশোধন বা নতুন একটি অধ্যায় সংযোজনের বিষয়, যাতে পাহাড়ি জনগোষ্ঠীগুলো নিজেদের প্রশাসনিক ব্যবস্থাপনায় বেশি ক্ষমতা পায়, যদিও এটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কুকি–জো দাবির পূর্ণ প্রতিফলন নয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাসপেনশন অব অপারেশনস (এসওও) চুক্তিভুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে চুক্তির খুঁটিনাটি নির্ধারণ করা হচ্ছে। প্রস্তাবিত ব্যবস্থায় রাজ্য বিধানসভার কাঠামোর মধ্যেই পাহাড়ি এলাকাগুলোর জন্য স্বশাসন, জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় আর্থিক বরাদ্দ এবং স্থানীয় রীতি-নীতি সংশ্লিষ্ট কিছু আইনগত ক্ষমতা দেওয়ার কথা রয়েছে। ভূমি ব্যবস্থাপনা ও কর্মসংস্থানের সুরক্ষাও আলোচনার অংশ।
তবে বিশেষজ্ঞরা বলছেন, নাগাল্যান্ডের ৩৭১(এ) অনুচ্ছেদের তুলনায় মণিপুরের ৩৭১(সি) অনেক দুর্বল। যেখানে ৩৭১(এ) নাগা জনগোষ্ঠীর ভূমি, প্রথা ও সামাজিক ব্যবস্থার ওপর সংসদের আইন প্রয়োগে বিধানসভাকে ভেটো ক্ষমতা দেয়, সেখানে ৩৭১(সি) মূলত পাহাড়ি এলাকার প্রশাসনিক তদারকিতেই সীমাবদ্ধ। উপরন্তু, ১৯৭২ সালে রাজ্য গঠনের পর থেকে স্বায়ত্তশাসিত জেলা পরিষদগুলোকে কার্যকর ক্ষমতা না দেওয়ায় সেগুলো অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্বীকার করেছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে মণিপুরে জাতিগত সহিংসতা শুরু না হলে কুকি–জো গোষ্ঠীর সঙ্গে একটি শান্তিচুক্তি সে সময়েই স্বাক্ষরিত হতে পারত বলে কেন্দ্রীয় সূত্রগুলো জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।