নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ বাহিনীর হেলিকপ্টার মহড়া
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা রোধ এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের জিল্লুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে এই মহড়া হয়।
৩৩ পদাতিক ডিভিশনের অধীন ১০১ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে আয়োজিত মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র্যাবের সদস্যরা অংশ নেন।
মহড়ায় একটি ভোটকেন্দ্রে সৃষ্ট কাল্পনিক সংকট পরিস্থিতি তুলে ধরা হয়। এতে দেখানো হয়, ভোটাররা নির্বিঘ্নে ভোট দেওয়ার সময় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালায়। তারা ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রিসাইডিং কর্মকর্তাকে জিম্মি করে। পরে খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান।
অভিযানের সময় সেনাসদস্যরা সশস্ত্র অবস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং অল্প সময়ের মধ্যেই সন্ত্রাসীদের নিস্ক্রিয় করে ভোটকেন্দ্রের পরিবেশ স্বাভাবিক করেন। এ সময় আহত সেনাসদস্যসহ অন্যান্য আহতদের উদ্ধারে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মাঠে অবতরণ করে উদ্ধার তৎপরতা চালায়। মহড়াটি প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে মোট ৮০৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫৭৪টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।