থানচিতে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ২৯ একর পপিক্ষেত ধ্বংস
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার দুর্গম সীমান্তবর্তী থানচি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৪৩ একর জমিতে চাষ করা পপিক্ষেত ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত পপি থেকে উৎপাদিত সম্ভাব্য আফিমের বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ–এর থানচি বিজিবি ব্যাটালিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনী–এর আলীকদম জোনের একটি সমন্বিত টহল দল অভিযান পরিচালনা করে।

যৌথ বাহিনীর বিশেষ দল সংশ্লিষ্ট এলাকার ১৭টি পৃথক স্থানে অভিযান চালিয়ে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পপিগাছ উপড়ে ফেলে এবং আগুনে পুড়িয়ে ধ্বংস করে।
যৌথ বাহিনীর ধারণা অনুযায়ী, ধ্বংসকৃত পপি থেকে প্রক্রিয়াজাতের মাধ্যমে প্রায় ১ হাজার ৪৫০ কেজি আফিম উৎপাদন সম্ভব ছিল। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকার কাছাকাছি।
খোঁজ নিয়ে জানা গেছে, থানচির ডিমপাহাড় ও সাঙ্গু নদীর মধ্যবর্তী অত্যন্ত দুর্গম এলাকায় ব্যাপকভাবে পপি চাষের বিস্তার ঘটেছে। এসব এলাকায় আরও প্রায় ১০০ একরের বেশি জমিতে নিষিদ্ধ এ মাদকদ্রব্যের চাষাবাদ হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে বিজিবি ও সেনাবাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক চাষ ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।