লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও অনগ্রসর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৫০টি পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, তেল, ছোলা, মুড়ি, সেমাই ও খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
পবিত্র রমজান মাসে অনগ্রসর পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে রমজানের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম।
এ সময় তিনি উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানান।

জোন অধিনায়ক তাঁর বক্তব্যে বলেন, দেশের মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর নৈতিক দায়িত্ব।
এ সময় স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজান মাসে এমন সহায়তা অনগ্রসর পরিবারগুলোর জন্য বড় সহায়ক ভূমিকা রাখবে।
বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।