পার্বত্য চুক্তির পরও পাহাড়ে অবৈধ অস্ত্র, খুন-গুম ও অশান্তি কেন?
![]()
ফিচার ডেস্ক
১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির অন্যতম লক্ষ্য ছিল দীর্ঘদিনের সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র কর্মকাণ্ড থেকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার পথ তৈরি হয়েছিল। কিন্তু চুক্তির প্রায় তিন দশক দ্বারপ্রান্তে এসেও পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র, সশস্ত্র সংঘাত, খুন, অপহরণ ও চাঁদাবাজির ঘটনা অব্যাহত রয়েছে। পুরোনো সংগঠনের বিভাজন এবং নতুন সশস্ত্র গোষ্ঠীর আত্মপ্রকাশে সংঘাতের পরিধিও বিস্তৃত হয়েছে।
১৯৭২ সালে আত্মপ্রকাশ করা জেএসএস পাহাড়ে সশস্ত্র আন্দোলনের ভিত্তি গড়ে তোলে। ১৯৯৭ সালের চুক্তির পর সংগঠনটির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ তৈরি হলেও চুক্তি নিয়ে মতবিরোধ ও অভ্যন্তরীণ বিভাজন অব্যাহত থাকে। ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত এক কনফারেন্সের মাধ্যমে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বে ইউপিডিএফ আত্মপ্রকাশ করে। পরবর্তীতে ২০০৮ সালে জেএসএসের বিভাজন থেকে জেএসএস সংস্কার, ২০১৭ সালে ইউপিডিএফের বিভাজন থেকে ইউপিডিএফ গণতান্ত্রিক এবং ২০১৮ সালের মাঝামাঝি রাঙামাটির রাজস্থলীতে মগ পার্টির সৃষ্টি হয়। ২০২০ সালের পর চাকমা নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) আত্মপ্রকাশ করে।
বর্তমানে জেএসএস (সন্তু) পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং ইউপিডিএফ স্বায়ত্তশাসনের দাবি করে। কেএনএফ বান্দরবানসহ পার্বত্য চট্টগ্রামের নয়টি উপজেলা নিয়ে পৃথক কুকি রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িত।
জেএসএসকে মোকাবিলায় ইউপিডিএফের সঙ্গে কেএনএফের কৌশলগত জোটের কথাও জানা যায়। মগ পার্টি মারমা রাজ্য প্রতিষ্ঠার দাবি করে। অন্যদিকে, জেএসএস সংস্কার ও ইউপিডিএফ গণতান্ত্রিকের কার্যক্রম তুলনামূলক সীমিত। তাদের বিরুদ্ধে প্রতিপক্ষের ওপর চোরাগোপ্তা হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি বর্মা নিহত হওয়ার পর সাধারণ সম্পাদক জলেয়া চাকমা তরু সংগঠনটি বিলুপ্ত করে জেএসএসে যোগ দেন। তবে একটি অংশ কার্যক্রম অব্যাহত রাখে। এসব সংগঠনের সংঘাত ও আধিপত্যের লড়াইয়ে পার্বত্য চট্টগ্রামের প্রায় ১৮ লাখ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে।
তিন দশকের সংঘাত; খুন, আহত ও অপহরণের পরিসংখ্যান:
নিরাপত্তা বাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯৯ সাল থেকে অক্টোবর ২০২৩ পর্যন্ত ২৪ বছরে পার্বত্য চট্টগ্রামে ১ হাজার ৩৫৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। তাঁদের মধ্যে উপজাতি ৯৩৮ এবং বাঙালি ৪১৭ জন। আহত হন ১ হাজার ৭৭৮ জন; এর মধ্যে উপজাতি ৬৬০ এবং বাঙালি ১ হাজার ১১৮ জন। অপহরণ ও নিখোঁজ হন ২ হাজার ২৮৩ জন; তাঁদের মধ্যে উপজাতি ১ হাজার ৫৫৭ এবং বাঙালি ৭২৬ জন। একই সময়ে সেনাবাহিনীর ১১, বিজিবির ৩, পুলিশের ২ এবং আনসার ও ভিডিপির ১৯ জনসহ মোট ৩৫ নিরাপত্তা সদস্য নিহত হন। আহত হন ১০২ জন; এর মধ্যে সেনাবাহিনীর ৪৬, বিজিবির ২৭, পুলিশের ২৫ এবং আনসার ও ভিডিপির ৪ জন। সব মিলিয়ে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ১ হাজার ৩৯০ জন নিহত এবং ১ হাজার ৮৮০ জন আহত হন।
অন্যদিকে, ২০২৬ সালের ১১ নভেম্বর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় ৩১৬ জন নিহত ও ৪৯০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে বাঙালিদের ওপর ১৯৪টি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাসদস্যদের ওপর ৯৭টি হামলা হয়েছে। এ ছাড়া ২৯৭টি অপহরণ, ৪৭১টি চাঁদাবাজি এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের ৩৭৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে চুক্তির পর জেএসএস ও ইউপিডিএফের সংঘর্ষে হতাহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি বলে মনে করেন পার্বত্যবাসী।
পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠনগুলোর অস্ত্র সংগ্রহে ভারতের মিজোরাম ও মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহায়তার অভিযোগ রয়েছে। জেএসএসের শান্তিবাহিনী ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় গঠিত হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে। বর্তমানে ইউপিডিএফ ও কেএনএফের অস্ত্র সংগ্রহ ও গেরিলা প্রশিক্ষণের ক্ষেত্রেও মিয়ানমারের আরাকান আর্মি, কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি, কুকি ন্যাশনাল আর্মি এবং চিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। মিজোরাম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশসহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন সীমান্তপথ এবং মিয়ানমার হয়ে অস্ত্র পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করছে বলে বিভিন্ন সূত্রের দাবি।
স্থানীয় সূত্র অনুযায়ী, ইউপিডিএফের প্রধান সদর দপ্তর ও সশস্ত্র ঘাঁটি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, পানছড়ি, দীঘিনালা এবং রাঙামাটির বাঘাইছড়ি, কাউখালী ও নানিয়ারচর এলাকায়। সংগঠনটির আনুমানিক সশস্ত্র সদস্য ১ হাজার ৮০০ থেকে ২ হাজার। জেএসএসের ঘাঁটি রাঙামাটির রাজস্থলী, বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি ও কাপ্তাইসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় এবং খাগড়াছড়ির পানছড়ির দুধুকছড়া ও ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে রয়েছে বলে জানা যায়। তাদের সদস্যসংখ্যা আনুমানিক ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার। কেএনএফের ঘাঁটি বান্দরবানের রুমা, থানচি এবং ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায়। সদস্যসংখ্যা প্রায় ১ হাজার ৫০০ বলে স্থানীয় সূত্রের দাবি। এসব সংগঠনের অস্ত্রভাণ্ডারে একে-৪৭, একে-৫৬, এম-১৬, স্নাইপার রাইফেল, মেশিনগান, হ্যান্ড গ্রেনেড, আইইডি ও রকেট লঞ্চারসহ বিভিন্ন অস্ত্র রয়েছে বলে জানা যায়।
২০২৫ সালের ১৫ জানুয়ারি মিজোরামের মামিত জেলার সাইথা গ্রামে অভিযানে পাঁচজনকে আটক করে ছয়টি একে-৪৭, ১৩টি ম্যাগাজিন ও ১০ হাজার ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে অস্ত্রগুলো CNF ও বাংলাদেশের ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের মধ্যে সরবরাহের জন্য আনা হয়েছিল বলে জানানো হয়। ১১ জুলাই NIA পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে; তাঁদের মধ্যে বাংলাদেশের নাগরিক আলোক বিকাশ চাকমা ছিলেন।
১২ ফেব্রুয়ারি লুংলেই বাজারে তিনজনকে আটক করে দুটি একে-৪৭, পাঁচটি মার্কিন এম-৪ কারবাইন, ২০টি ম্যাগাজিন, ৫০৪ রাউন্ড ৭.৬২ মিমি ও ৪ হাজার ৬৭৫ রাউন্ড ৫.৫৬ মিমি গুলি উদ্ধার করে পুলিশ। ২২ মার্চ লুংলেইয়ে বিএসএফ ও মিজোরাম পুলিশের যৌথ অভিযানে ৬ হাজার ২০০ রাউন্ড গুলি, ১ হাজার ৮০০ মিটার কর্ডেক্স, ৬০০ ডেটোনেটর ও ২০ মিটার সেফটি ফিউজ উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়। এসব সরঞ্জাম বাংলাদেশ বা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কাছে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে পুলিশের সন্দেহ ছিল।
২০২৬ সালের ২৪-২৫ মে দামপা টাইগার রিজার্ভে অভিযানে ইউপিডিএফ (প্রসীত)-এর সন্দেহভাজন তিন সদস্য আপন চাকমা, নীহার রঞ্জন চাকমা ও মনি কারবারি চাকমাকে আটক করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে ১ হাজার ৭৯৯ রাউন্ড গুলি, দুটি একে-৪৭, দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার হয়। ৩ আগস্ট হ্নাহথিয়াল জেলার তুইফাই লেই ব্রিজের কাছে গাড়ি তল্লাশি করে সাতটি একে-৪৭ ও ২ হাজার ৫০ রাউন্ড গুলি উদ্ধার এবং তিনজনকে আটক করে পুলিশ। অস্ত্রগুলো পার্বত্য চট্টগ্রামে আনা হচ্ছিল বলে জানানো হয়। মিজোরাম পুলিশের বরাত দিয়ে *দ্য টাইমস অব ইন্ডিয়া* আগের কিছু অস্ত্র উদ্ধারের ঘটনায় জেএসএস (সন্তু) গ্রুপের সংশ্লিষ্টতা উড়িয়ে না দেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে, NIA-এর অভিযোগপত্রে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কাছে অস্ত্র সরবরাহের ষড়যন্ত্রের কথা উল্লেখ রয়েছে।
২০১৮ সালের ২২ ও ২৭ ডিসেম্বর বিলাইছড়িতে পৃথক অভিযানে জেএসএস সদস্যদের কাছ থেকে একটি ৭.৬২ মিমি মেশিনগান, একটি ৯ মিমি সাবমেশিন কারবাইন, একটি একে-২২, ম্যাগাজিন, গুলি ও চারটি চীনা চাকু উদ্ধার হয়। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি বান্দরবান সদরের একটি হোটেল থেকে দুটি একে-২২, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বটতল ও দক্ষিণ কাঞ্চননগরে অভিযানে পাঁচজনকে আটক করে একে-৪৭, এম-১, একে-২২, চারটি মর্টার, পিস্তল, দুটি এলজি রাইফেল ও আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
২০২৪ সালের ১৪ নভেম্বর রুমার লাইচেংয়াইয়ে কেএনএর অবস্থানে অভিযান চালিয়ে এসএমজি, দুটি গাঁদা বন্দুক, ১৫৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। ২৪ নভেম্বর কুত্তাঝিরিতে অভিযানে কেএনএর তিন সদস্য নিহত হন এবং চীনা রাইফেল, দুটি একনলা বন্দুক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ২০২৫ সালের ২ জানুয়ারি নানিয়ারচরের পেরাছড়ায় ইউপিডিএফের আস্তানায় অভিযানে একজন নিহত হন; এম-১৬, ৯০ রাউন্ড গুলি, দুটি এমজি/স্নাইপার রাউন্ড ও ওয়াকিটকি উদ্ধার হয়। ৩ জুলাই রুমার পলিপাংসা-মুলফিপাড়ায় কেএনএর বিরুদ্ধে অভিযানে তিনটি সাবমেশিনগান, একটি রাইফেল ও গোলাবারুদ উদ্ধার হয়। ২০ সেপ্টেম্বর পানছড়ির জগাপাড়ায় ইউপিডিএফের আস্তানায় রাশিয়ান পিস্তল, ম্যাগাজিন, গুলি, ওয়াকিটকি ও ইউনিফর্ম উদ্ধার করা হয়। ২০২৬ সালের ২৩ জুন পানছড়ির বরকলকে দুজন সশস্ত্র সদস্য দুটি একে-৪৭, দুটি ম্যাগাজিন ও ১৩২ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেন। পরদিন রামগড়ের হাজাছড়ায় অভিযানে একজন নিহত হন এবং একে-৪৭, পাইপগান ও গুলি উদ্ধার হয়।
জেএসএস ও ইউপিডিএফের সংঘাতের ক্ষেত্র খাগড়াছড়ির পানছড়ি, দীঘিনালা এবং রাঙামাটির বাঘাইছড়ি-সাজেক, কাউখালী, কুতুকছড়ি, সাপছড়ি, লংগদু ও বন্দুকভাঙাসহ বিভিন্ন এলাকায় বিস্তৃত। সূত্র অনুযায়ী, পার্বত্য অঞ্চলের ১৭৮ কিলোমিটার সীমান্তের অধিকাংশ জেএসএসের নিয়ন্ত্রণে এবং বাঘাইছড়ি সীমান্তের বড় অংশ ইউপিডিএফের নিয়ন্ত্রণে রয়েছে। ভারত থেকে অস্ত্র আনার প্রধান পথ “পানছড়ি-দুধুকছড়া ও বাঘাইছড়ি-সাজেক সীমান্ত” বলে দাবি করা হয়। অস্ত্রের রুট ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধও সংঘাতের অন্যতম কারণ।
সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে কাঠ, বাঁশ, কৃষিপণ্য, ফলমূল, ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন প্রকল্প থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। অপহরণ, হত্যা, ধর্ষণ ও হামলার ঘটনায় পাহাড়ি-বাঙালি সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্ণিত ঘটনাও এ পরিস্থিতির একটি পরিসংখ্যানগত চিত্র তুলে ধরে।
পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অবৈধ অস্ত্রের প্রবেশ ও ব্যবহার বন্ধ, সীমান্ত নিরাপত্তা জোরদার, অস্ত্র চোরাচালান প্রতিরোধ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়নের উৎস নিয়ন্ত্রণ জরুরি। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর কার্যকর আইন প্রয়োগ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি, চুক্তির পর কেন অবৈধ অস্ত্র তা নিয়ে জেএসএসকে জবাবদিহিতা করা এবং চুক্তির বিতর্কিত ধারা ও আপত্তি নিয়ে রাজনৈতিক সমঝোতা। চুক্তির পরও অব্যাহত সশস্ত্র সংঘাত, খুন, অপহরণ ও চাঁদাবাজি পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।