তবলছড়িতে ভিজিএফ চাল বিতরণ ঘিরে অনিয়ম-চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ, হাতাহাতি ও মামলা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে অনিয়ম ও চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউপি ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ ও এনটিভি মাল্টিমিডিয়ার প্রতিনিধি মো. শরিফ হোসেন-এর বিরুদ্ধে পরস্পরবিরোধী অভিযোগ সামনে এসেছে।
অভিযোগ রয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিতরণকৃত প্রতি ১০ কেজি ভিজিএফ চালের বিপরীতে ৪০০ থেকে ৫০০ গ্রাম কম দেওয়া হচ্ছিল। এই অভিযোগ তুলে ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভ প্রচার করেন সাংবাদিক শরিফ হোসেন। অন্যদিকে তার বিরুদ্ধেই মোটা অঙ্কের টাকা এবং ৫ বস্তা চাল চাঁদা হিসেবে দাবি করার অভিযোগ তুলেছেন ইউপি সদস্য আব্দুল মজিদ।
এই পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে গত শনিবার তবলছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় আব্দুল মজিদ মেম্বারের সঙ্গে শরিফ হোসেন ও তবলছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম-এর মধ্যে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মেম্বারসহ একাধিক ব্যক্তি আহত হন বলে জানা গেছে।
ঘটনার পর গত ১৪ মার্চ দলীয় সিদ্ধান্তে আব্দুর রহিমকে দলীয় সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। পরদিন রোববার (১৫ মার্চ) বিকেলে ইউপি সদস্য আব্দুল মজিদ বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় শরিফ হোসেনসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, শরিফ হোসেন তার কাছে ৫ বস্তা চাল চাঁদা হিসেবে দাবি করেন এবং তা দিতে অস্বীকৃতি জানালে তিনি ফেসবুক ও সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে সাংবাদিক শরিফ হোসেন বলেন, সংবাদ প্রকাশের জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। তিনি এ মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত অব্যাহতির দাবি জানান।
অন্যদিকে একই দিন তবলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে চাল বিতরণে বিলম্ব হওয়ায় আনুমানিক ৬০ বস্তা (প্রায় ১৮০০ কেজি) চাল স্থানীয় মক্তবপাড়া মসজিদের বারান্দায় সংরক্ষণ করা হয় বলে স্থানীয়রা জানান। পরদিন বিতরণের জন্য মসজিদের মাইকিংয়ের মাধ্যমে সময়ও জানানো হয়েছিল।
তবে গভীর রাতে শরিফ হোসেন ওই মসজিদে গিয়ে সংরক্ষিত চাল চুরি করে আনা হয়েছে বলে অভিযোগ তুলে লাইভ সম্প্রচার করেন। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে তিনি সেখান থেকে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয়দের দাবি, প্রকৃত ঘটনা জেনেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ প্রচার করা হয়েছে।
এ বিষয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন জানান, মামলার ঘটনা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান সরেজমিনে তবলছড়ি ৮ নম্বর ওয়ার্ডের মক্তবপাড়া এলাকায় উপস্থিত হয়ে নিজ তদারকিতে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।