যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ
![]()
নিউজ ডেস্ক
স্বাধীনতা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেছে বিজিবি।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় যশোরের শার্শা উপজেলার কাশিপুরে অবস্থিত সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান করেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার (সহকারী পরিচালক) সোহেল আল মুজাহিদ।

এছাড়া সমাধিস্থলে বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে যশোর বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়।
শার্শা উপজেলার গোবিনাথপুর আর কাশিপুর মৌজার সীমানার এই পুকুরপাড়ে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ ছাড়াও ঘুমিয়ে আছেন শহীদ সিপাহী আব্দুস ছাত্তার বীর বিক্রম (প্রাক্তন ইপিআর), শহীদ সিপাহী এনামলু হক বীর প্রতীক (প্রাক্তন ইপিআর), সৈয়দ আতর আলী (তদানীন্তন গণপরিষদ সদস্য), শহীদ সুবেদার মনিরুজ্জামান (প্রাক্তন ইপিআর), শহীদ বাহাদুর আলী এবং স্বাধীনতার পরে সন্ত্রাসীদের হাতে নিহত মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ এবং চিরস্মরণীয় করে রাখার জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এ সময় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার ও বীরশ্রেষ্ঠের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।