পার্বত্য তিন জেলায় ২৪৬ চাঁদাবাজের তালিকা, দমনে পুলিশের প্রস্তুতি জোরদার
![]()
নিউজ ডেস্ক
সারাদেশে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে পুলিশ। এই তালিকায় দেশের ৬৪ জেলার মোট ৩ হাজার ৮৪৯ জন চাঁদাবাজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—থেকে উঠে এসেছে মোট ২৪৬ জনের নাম।
পুলিশের তথ্য অনুযায়ী, পার্বত্য অঞ্চলে তালিকাভুক্ত চাঁদাবাজদের মধ্যে রাঙামাটিতে ৯২ জন, খাগড়াছড়িতে ৮৮ জন এবং বান্দরবানে ৬৬ জন সক্রিয় রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে পাহাড়ি জনপদের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে চাঁদাবাজিতে জড়িত।
জানা গেছে, পার্বত্য এলাকায় সড়ক নির্মাণ, বাজার ব্যবস্থাপনা, পরিবহন খাত, বালুমহাল, পাহাড়ি পণ্য পরিবহন, এমনকি পর্যটন সংশ্লিষ্ট কার্যক্রম থেকেও নিয়মিত চাঁদা আদায় করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শন কিংবা উন্নয়ন প্রকল্পে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, তালিকাভুক্তদের একটি বড় অংশ কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার পালাবদলে তাদের পরিচয় বদলালেও চাঁদাবাজি কার্যক্রম অব্যাহত থাকে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক অবস্থান, দুর্গমতা এবং বিচ্ছিন্ন বাজার ব্যবস্থার সুযোগ নিয়ে চাঁদাবাজ চক্রগুলো দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। তবে নতুন করে প্রস্তুত করা এই তালিকার ভিত্তিতে শিগগিরই সমন্বিত অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় তালিকাটি চূড়ান্ত করে দ্রুত সংশ্লিষ্ট জেলাগুলোতে পাঠানো হবে। একই সঙ্গে তালিকাভুক্তদের গতিবিধি পর্যবেক্ষণ, অবস্থান শনাক্তকরণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে গ্রেপ্তার অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, কার্যকর অভিযান পরিচালনা করা গেলে পার্বত্য অঞ্চলে চাঁদাবাজির দৌরাত্ম্য কমানো সম্ভব হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে স্বস্তি ফিরবে। তবে এ ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত ও ধারাবাহিক পদক্ষেপ গ্রহণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।