বাঘাইছড়িতে বিঝু ঘিরে উদ্বেগ: মদ-জুয়ায় ঝুঁকছে তরুণরা, সচেতনতায় যুব সমিতির পোস্টারিং
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী বিঝু উৎসবকে সামনে রেখে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন এলাকায় তরুণদের মধ্যে মদ, গাঁজা ও জুয়ার প্রতি আসক্তি বাড়ছে—এমন উদ্বেগের মধ্যেই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সচেতনতামূলক উদ্যোগ নিয়েছে স্থানীয় যুব সমিতি।
উৎসবকে ঘিরে অপসংস্কৃতি ও অসামাজিক কর্মকাণ্ড রোধে শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী পোস্টারিং কার্যক্রম পরিচালনা করা হয়।
সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে লাগানো পোস্টারগুলোতে লেখা ছিল—“বিঝু হোক আনন্দের, নয় অপসংস্কৃতির”, “মাদক ও জুয়া মুক্ত উৎসব গড়ি” এবং “নিজ সংস্কৃতি রক্ষা করি, সচেতন হই”।
স্থানীয় সূত্র জানায়, বিগত কয়েক বছরে উৎসবের সময় কিছু তরুণের মধ্যে মদ্যপান, গাঁজা সেবন ও জুয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে একদিকে সামাজিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে, অন্যদিকে পার্বত্য জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই উৎসবের স্বকীয়তা ক্ষুণ্ন হচ্ছে।
যুব সমিতির নেতারা জানান, বিঝু শুধুমাত্র একটি উৎসব নয়—এটি পাহাড়ি সংস্কৃতি, সম্প্রীতি ও সামাজিক বন্ধনের প্রতীক। কিন্তু কিছু অসচেতন তরুণের কারণে উৎসবের পরিবেশ নষ্ট হচ্ছে। তাই এসব নেতিবাচক প্রবণতা বন্ধে তারা মাঠপর্যায়ে সচেতনতা তৈরি করতে পোস্টারিংসহ নানা উদ্যোগ নিয়েছেন।
যুব সমিতির এক প্রতিনিধি বলেন, “আমরা চাই বিঝু হোক আনন্দ, সৌহার্দ্য ও সংস্কৃতির উৎসব। কিন্তু এখন কিছু যুবক মদ, গাঁজা ও জুয়ার দিকে ঝুঁকে পড়ছে, যা খুবই উদ্বেগজনক। এই প্রবণতা বন্ধ না হলে ভবিষ্যতে আমাদের সংস্কৃতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহলও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। তারা মনে করেন, পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই সমস্যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। বিশেষ করে তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনতে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে প্রতিবছর বিঝু উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলেও সাম্প্রতিক সময়ে এর সঙ্গে জড়িয়ে পড়া অসামাজিক কার্যকলাপ নতুন করে উদ্বেগ তৈরি করছে। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ প্রবণতা রোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।