মণিপুরে বিএসএফ সদস্য নিহতের ঘটনায় যৌথ অভিযান, সশস্ত্র গোষ্ঠীর ২১টি বাংকার ধ্বংস

মণিপুরে বিএসএফ সদস্য নিহতের ঘটনায় যৌথ অভিযান, সশস্ত্র গোষ্ঠীর ২১টি বাংকার ধ্বংস

মণিপুরে বিএসএফ সদস্য নিহতের ঘটনায় যৌথ অভিযান, সশস্ত্র গোষ্ঠীর ২১টি বাংকার ধ্বংস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুরের উখরুল জেলায় বিএসএফের এক সদস্য নিহত হওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানে মণিপুর পুলিশ, বিএসএফ, সিআরপিএফ এবং ভারতীয় সেনাবাহিনী অংশ নেয়। এ সময় সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত ২১টি বাংকার ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতপরশু বিকেল প্রায় ৪টা ৫০ মিনিটে উখরুল জেলার মংকেট চেপু ও শিকিবুং গ্রামে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। ওই ঘটনায় মংকেট চেপু গ্রামে দায়িত্বে থাকা বিএসএফের ১৭৯ ব্যাটালিয়নের ‘এ’ কোম্পানির সদস্য কনস্টেবল (জিডি) মিঠুন মণ্ডল গুলিবিদ্ধ হন। খবর পেয়ে লিতান থানার দুইটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তবে এর আগেই আহত সদস্যকে চিকিৎসার জন্য রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (রিমস)-এ নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ।

ঘটনার পর লিতান থানায় ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ১০৩/৩(৫) ধারা এবং অস্ত্র আইনের ২৫(১-সি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে গতকাল শনিবার সকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত মংকেট চেপু ও শিকিবুং এলাকায় পরিচালিত সমন্বিত চিরুনি অভিযানে ২১টি বাংকার ধ্বংস করা হয় এবং ১১টি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এলাকাজুড়ে আধিপত্য প্রতিষ্ঠা, তল্লাশি ও নিরাপত্তা জোরদার কার্যক্রম পরিচালনা করা হয়, যাতে অপরাধীদের গ্রেপ্তার এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়।

পুলিশ আরও জানিয়েছে, অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় স্থানীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মণিপুরের বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed