ফুল বিজুতে শুরু পাহাড়ের বর্ষবরণ উৎসব, মাইনী নদীতে প্রার্থনায় মঙ্গলকামনা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফুল বিজুর মধ্য দিয়ে শুরু হয়েছে বিজু উৎসবের আনুষ্ঠানিকতা।
শনিবার (১২ এপ্রিল ২০২৬) ভোর থেকে নদী, খাল, ছড়া ও হ্রদে গিয়ে গঙ্গা দেবী ও ভগবান বুদ্ধের উদ্দেশ্যে ফুল নিবেদন করে প্রার্থনা করেন চাকমা সম্প্রদায়ের লোকজন।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীর তীরে ভোরের আলো ফুটতেই শুরু হয় ফুল বিজুর আয়োজন। চাকমা নারীরা রঙিন পিনন-হাদি এবং পুরুষেরা ঐতিহ্যবাহী পোশাক পরে এতে অংশ নেন। আগের রাত থেকেই বিভিন্ন প্রজাতির ফুল সংগ্রহ করে ভোরে নদীর পাড়ে এসে পুরাতন বছরের দুঃখ, গ্লানি ও কষ্ট দূর করার প্রত্যাশায় এবং নতুন বছরের মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা।

শুধু চাকমা সম্প্রদায় নয়, ফুল বিজুর এই আয়োজনকে ঘিরে মারমা, ত্রিপুরাসহ পাহাড়ে বসবাসরত বাঙ্গালী জনগোষ্ঠীর লোকজনও অংশগ্রহণ করেন। এতে পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যের এক অনন্য চিত্র ফুটে ওঠে।

জেলা সদর ছাড়াও পানছড়ি, মহালছড়িসহ বিভিন্ন উপজেলায় একইভাবে ফুল বিজুর আনুষ্ঠানিকতা পালিত হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসবকে কেন্দ্র করে আগামী এক সপ্তাহজুড়ে পার্বত্য অঞ্চলে বিজু, বৈসু ও সাংগ্রাই উপলক্ষে নানা আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন বিজু উৎসব প্রতিবছরই বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আনন্দ, সম্প্রীতি ও ঐতিহ্যের বার্তা ছড়িয়ে দেয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।