লেবাননে হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী নিহত
![]()
নিউজ ডেস্ক
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ফরাসি কন্টিনজেন্টের ওপর এক ভয়াবহ হামলা চালানো হয়েছে। এতে সার্জেন্ট মেজর ফ্লোরিয়ান মন্টোরিও নামে এক ফরাসি সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন।
নিহত মন্টোরিও মন্টাবানে অবস্থিত ১৭তম প্যারাশুট ইঞ্জিনিয়ার রেজিমেন্টের সদস্য ছিলেন। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে দক্ষিণ লেবাননে ইউনিফিলের ওপর এই আকস্মিক হামলা চালানো হয়, যেখানে মন্টোরিও প্রাণ হারান এবং তার সাথে থাকা আরও তিন সহযোদ্ধা গুরুতর আহত হন। আহত সেনাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সরিয়ে নেয়া হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘এখন পর্যন্ত সংগৃহীত সমস্ত আলামত ও তথ্য-প্রমাণ নির্দেশ করছে যে হিজবুল্লাহই এই হামলার পেছনে রয়েছে।’
এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের একাধিক জায়গায় একের পর এক গোলাবর্ষণ ও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এমনকি হামলা চালানোর কথা স্বীকারও করেছে দেশটির সামরিক বাহিনী।
আজ শনিবার এক বিবৃতিতে তারা বলেছে, দক্ষিণ লেবাননে তাদের সেনারা যেখানে অবস্থান করছে সেদিকে শত্রু যোদ্ধারা এগিয়ে আসায় তার প্রতিক্রিয়ায় তারা হামলা চালিয়েছে। ওই যোদ্ধারা ‘আসন্ন হুমকি’ সৃষ্টি করেছিল বলেও তাদের দাবি। বিবৃতি অনুযায়ী, ‘আত্মরক্ষার্থে পদক্ষেপ নেয়া হয়েছে, তাৎক্ষণিক হুমকি নির্মূল করা যুদ্ধবিরতির আওতায় পড়ে না।’
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লেবানন ও ইসরাইলের মাঝে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেয়া এক পোস্টে প্রথম এই যুদ্ধবিরতির বিষয়টি ঘোষণা দিয়ে জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।