মানিকছড়িতে পাহাড় কাটার ঘটনায় তদন্তে সত্যতা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মানিকছড়িতে নজিরবিহীন পাহাড় কাটার ঘটনায় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে বলে নিশ্চিত করেছেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোতাহার হোসেন।
বুধবার (১৫ এপ্রিল) তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে উপজেলার খাড়িছড়া, এয়াতলংপাড়া, মরাডলু, লেমুয়া, তিনটহরী ও বড়ডলু এলাকাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় অন্তত আটটি ছোট-বড় পাহাড়ে মাটি কাটার ঘটনা তাদের নজরে আসে।

তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের কার্যক্রম প্রতিরোধে নজরদারি জোরদার করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্য সচিব ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক জমির উদ্দিন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, মানিকছড়িতে সরকারি খাস পাহাড় কেটে কৃত্রিম হ্রদ তৈরির অভিযোগে মনির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিষয়টি প্রথম আলোচনায় আসে। সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ওই কার্যক্রম বন্ধ করে দেয়।
পরে গত ৯ এপ্রিল বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়, যা বর্তমানে ঘটনাটি খতিয়ে দেখছে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে পরিবেশবিধি লঙ্ঘন করে পাহাড় কাটা দীর্ঘদিনের একটি সমস্যা হিসেবে দেখা দিলেও সাম্প্রতিক এ ঘটনার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।