আলীকদমে উৎসবমুখর পরিবেশে তংচংগ্যা সম্প্রদায়ের ‘বিষু মেলা’ উদযাপন
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে তংচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব ‘বিষু মেলা’ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার পানবাজারস্থ ত্রিরত্ন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় তংচংগ্যা সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা এক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. আশিকুর রহমান আশিক।
এছাড়াও তংচংগ্যা সম্প্রদায়ের হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল তংচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘ঘিলা খেলা’।

জোন অধিনায়ক এ খেলা উপভোগ করেন এবং উপস্থিত সবার সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যই এ অঞ্চলের উন্নয়নের ভিত্তি।
উৎসবকে ঘিরে আলীকদম সেনা জোনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর টহল ও উপস্থিতির ফলে সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন। এতে পাহাড়ি ও বাঙ্গালি উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

এছাড়া সেনা জোনের পক্ষ থেকে উৎসব উপলক্ষে আর্থিক সহায়তা ও মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং এর ফলে জনসাধারণ ও সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।
প্রসঙ্গত, সেনাবাহিনীর তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।