ভারতে ব্যবসায়িক সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দল, বাংলাবান্ধায় কমছে পাথর আমদানি
![]()
নিউজ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর ফুলবাড়ি স্থলবন্দরে ব্যবসায়িক সংগঠনগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও নতুন কমিটি গঠন নিয়ে তৈরি হওয়া অস্থিরতার প্রভাব পড়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। এর ফলে গত তিন দিন ধরে বন্দরটি দিয়ে পাথর আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে। এতে স্থানীয় বাজারে পাথরের সংকটের পাশাপাশি বন্দরের কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে।
মঙ্গলবার (১২ মে) বাংলাবান্ধা বন্দরের কার্যক্রম চললেও আমদানির চিত্র ছিল হতাশাজনক। সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভুটান থেকে মাত্র তিনটি বোল্ডার পাথরের ট্রাক বন্দরে প্রবেশ করেছে। সাধারণত এই বন্দর দিয়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০টি ট্রাক ভারত ও ভুটান থেকে পাথর নিয়ে প্রবেশ করত। কিন্তু গত কয়েক দিন ধরে সেই সংখ্যা তলানিতে ঠেকেছে।
বন্দর ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কারণে গত ২১ এপ্রিল থেকে বন্দরে কার্যক্রমে স্থবিরতা ছিল। ফলাফল ঘোষণার পর রোববার (১০ মে) থেকে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক হওয়ার কথা থাকলেও ভারতের ফুলবাড়ি অংশে সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক সংগঠনগুলোর মধ্যে পুনর্গঠন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। নির্বাচনের পর সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে পুরোনো সংগঠন বাতিল করে নতুন কমিটি গঠন করা নিয়ে দ্বন্দ্বে শত শত ট্রাক ওপারে আটকা পড়ে আছে।
বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে ভারতের ফুলবাড়ি প্রান্তে সংগঠনের অভ্যন্তরীণ ইস্যুর কারণে আমদানি-রফতানি এখনও কাঙ্ক্ষিত গতি পায়নি। যেহেতু সেখানে রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের প্রভাব রয়েছে, আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে এবং পাথরের ট্রাক প্রবেশের গতি বাড়বে।’
আমদানি কমে যাওয়ায় বন্দরে কাজ করা শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আমদানিকারকরা বলছেন, চাহিদা অনুযায়ী পাথর না আসায় নির্মাণকাজে ব্যবহৃত এই কাঁচামালের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত এই সংকট নিরসনে ভারতীয় ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।