ভারতের অরুণাচল প্রদেশে সেনা অভিযানে ২ জঙ্গি নিহত
![]()
নিউজ ডেস্ক
ভারতের অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় সেনাবাহিনীর কাউন্টার-ইনসার্জেন্সি অভিযানে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন)-এর দুই সন্দেহভাজন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ মে) কর্মকর্তারা জানান, মিয়াও থানার আওতাধীন সোনকিং গ্রাম সংলগ্ন ঘন জঙ্গলে রাতভর অভিযান চালায় আসাম রাইফেলস। অভিযানের সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় এনএসসিএন জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযান শুরু করে সেনারা। ধারণা করা হচ্ছে, তারা ওই এলাকায় ক্যাম্প স্থাপন করে স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জঙ্গিরা তাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দিতে বাধ্য করছিল। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে সেনারা জঙ্গিদের গুলির মুখে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়।
রাতভর চলা এই সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয় বলে জানায় নিরাপত্তা সূত্র। এরপর পুরো এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে, যাতে আরও কোনো জঙ্গি লুকিয়ে থাকলে তাদের শনাক্ত করা যায়।
এদিকে, সোমবার (১১ মে) রাতে অরুণাচল প্রদেশের লংডিং জেলার ওয়াক্কা সার্কেলের চপ গ্রাম এলাকায় আরও একটি গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় আসাম রাইফেলস ও জঙ্গিদের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে লংডিংয়ের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের হতাহতের খবর পাওয়া যায়নি। উভয় ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।