বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
![]()
নিউজ ডেস্ক
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কম্বল, পোশাক, কসমেটিকস ও খাদ্যসামগ্রী।
গতকাল দিনভর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করেন।
আটক পণ্যের মধ্যে রয়েছে ১৭০টি শাড়ি, ৪০টি ভারতীয় তৈরি পোশাক, ৩টি কম্বল, ১৭১ কেজি ফুসকা, ৩৯৫টি খাদ্যসামগ্রী, ৫৩৪টি বিভিন্ন ধরনের চকলেট এবং ২১৮৪টি ভারতীয় কসমেটিকস সামগ্রী। বিজিবির হিসাব অনুযায়ী এসব মালামালের মূল্য প্রায় ২৫ লাখ ৭৮ হাজার ৪০ টাকা।
এ বিষয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য আটক করা হয়। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বেনাপোল কাস্টমসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।