কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৩১ মে) ভোর ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন উখিয়ার ক্যারেঙ্গাঘোনা এলাকায় অবস্থান গ্রহণ করে।
টহল চলাকালে ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ৪ থেকে ৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা নন-লেথাল অস্ত্র ব্যবহার করে ফায়ার করলে সন্দেহভাজনরা তাদের বহনকৃত মাদকদ্রব্য ফেলে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো খাকি রঙের একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটের ভেতরে থাকা নীল রঙের বায়ুরোধী আটটি প্যাকেট থেকে মোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ পণ্য বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং সীমান্তকে নিরাপদ রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।