চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
![]()
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১১ জুন) তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ (Identification Friend or Foe) সেন্টার, সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টাকে জানানো হয়, আইএফএফ সেন্টার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের সমুদ্রসীমায় চলাচলকারী জাহাজসমূহের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সংরক্ষণ করে থাকে। সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রসীমায় নজরদারি বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অপরদিকে সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) বাংলাদেশ নৌবাহিনীর একটি গবেষণা ও উদ্ভাবনভিত্তিক প্রতিষ্ঠান। এখানে জ্বালানি পরিশোধন প্রযুক্তি, ড্রোন উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে গবেষণা ও উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরে প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রতিষ্ঠানটির জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ বিভিন্ন বেসামরিক জাহাজের মেরামত, রক্ষণাবেক্ষণ ও নির্মাণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের সামুদ্রিক শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এ সময় ড. এ কে এম শামছুল ইসলাম চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কারিগরি ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন এবং এর সক্ষমতা আরও বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশের প্রতিরক্ষা শিল্প বিকাশে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতা অর্জনে এ ধরনের প্রতিষ্ঠানের অবদান আরও বাড়াতে হবে।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন লিমিটেডও পরিদর্শন করেন। সেখানে চলমান জাহাজ নির্মাণ প্রকল্প, উৎপাদন সক্ষমতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশের জাহাজ নির্মাণ শিল্পের বর্তমান অবস্থা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

পরিদর্শন শেষে প্রতিরক্ষা উপদেষ্টা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত অগ্রগতি, দক্ষ জনশক্তি এবং গবেষণাভিত্তিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তা, জাহাজ নির্মাণ শিল্প এবং জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই।
তিনি দেশের সামুদ্রিক সম্পদ রক্ষা, প্রতিরক্ষা শিল্পের আধুনিকায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তাঁর মতে, সমুদ্রকেন্দ্রিক অর্থনীতি এবং প্রতিরক্ষা শিল্পের বিকাশ ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।