প্রতিরক্ষা উপদেষ্টার ‘স্মৃতি অম্লান’ পরিদর্শন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে গুরুত্বারোপ
![]()
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত স্থাপনা ‘স্মৃতি অম্লান’ পরিদর্শন করেছেন।
বুধবার (১০ জুন) বিকেলে অনুষ্ঠিত এ পরিদর্শনকালে তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত ঐতিহাসিক ১৯৬৭ মডেলের টয়োটা গাড়িটি গভীর আগ্রহ ও শ্রদ্ধার সঙ্গে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির স্বাধীন সত্তা, আত্মমর্যাদা ও অদম্য মনোবলের এক অবিনাশী মহাকাব্য। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অতুলনীয় আত্মত্যাগ, বীরত্ব এবং দেশপ্রেমের গৌরবগাথা নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা জাতীয় দায়িত্ব।
তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে সম্যকভাবে অবহিত করতে মুক্তিযুদ্ধের মূল্যবান নিদর্শনসমূহের যথাযথ সংরক্ষণ, গবেষণা এবং তথ্যসমৃদ্ধ উপস্থাপন নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন তিনি।

প্রতিরক্ষা উপদেষ্টা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের সঙ্গে জড়িত ঐতিহাসিক দলিল, স্মারক ও নিদর্শনগুলো শুধু অতীতের স্মৃতি নয়, বরং এগুলো জাতির চেতনা, দেশপ্রেম ও আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই এসব ঐতিহ্য সংরক্ষণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
এ সময় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্টসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘স্মৃতি অম্লান’ মহান স্বাধীনতা যুদ্ধ এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অনন্য স্মৃতিবিজড়িত স্থাপনা। জাদুঘর ও স্মৃতিসৌধের সমন্বয়ে গড়ে ওঠা এ কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের বিভিন্ন দুর্লভ নিদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মারক এবং জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষিত রয়েছে।

এছাড়া চট্টগ্রাম অঞ্চলের ইতিহাস এবং পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কেও এখানে তথ্য উপস্থাপন করা হয়েছে। স্বাধীনতার অগ্নিঝরা দিনগুলোর স্মৃতি, জাতির বীর সন্তানদের বীরত্ব এবং আত্মত্যাগের চেতনাকে ধারণ করে ‘স্মৃতি অম্লান’ প্রজন্ম থেকে প্রজন্মে দেশপ্রেম, জাতীয় গৌরব ও মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।