খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ
![]()
নিউজ ডেস্ক
পরিবেশবান্ধব কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের জন্য হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় কৃষকদের জৈব সার উৎপাদনের আধুনিক ও কার্যকর পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।
শনিবার (২০ জুন) সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে এবং পানছড়ি সাবজোনের উদ্যোগে পানছড়ি উপজেলার চৌধুরীপাড়া এলাকায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

পানছড়ি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণাঙ্করের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় কৃষকদের কম্পোস্ট সার তৈরির তাত্ত্বিক ও ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণটি দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অংশগ্রহণকারীদের কম্পোস্ট সার তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে গবাদিপশুর গোবর, শুকনো পাতা, খড়, ফসলের অবশিষ্টাংশ, রান্নাঘরের জৈব বর্জ্য যেমন সবজি ও ফলের খোসা, কাঠের গুঁড়া, মাটি, পানি, ইউরিয়া ও টিএসপি ব্যবহার করে জৈব সার তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়।

দ্বিতীয় ধাপে কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার তৈরির পুরো প্রক্রিয়া দেখানো হয় এবং তারা সরাসরি অনুশীলনের সুযোগ পান।
এ কর্মশালায় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ চৌধুরীপাড়া, ইটাখোলা ও পাইলট ফার্ম এলাকার প্রায় ৬৫ থেকে ৭০ জন নারী ও পুরুষ কৃষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে তারা সহজেই গৃহস্থালির জৈব বর্জ্য ব্যবহার করে নিজস্বভাবে কম্পোস্ট সার উৎপাদন করতে পারবেন। এতে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমবে, উৎপাদন খরচ হ্রাস পাবে এবং কৃষির আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

খাগড়াছড়ি জোন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে জোনের আওতাধীন অন্যান্য এলাকাতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। এতে কৃষক, আঙিনা বাগানচাষি এবং সাধারণ পরিবারগুলো উপকৃত হওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী বিভিন্ন সময় কৃষি ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।