চট্টগ্রামের কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযানে ৯ কেজি গাঁজা আটক
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কয়লারমুখ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে ৯ কেজি গাঁজা আটক করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
রোববার (২১ জুন) সন্ধ্যায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন কয়লারমুখ বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সীমান্ত মেইন পিলার ২২০৫/৩৮-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে ভবানী এলাকায় বিশেষ নজরদারি ও ওঁৎ পেতে অবস্থান নেয় টহলদল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। একপর্যায়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বহন করা দুটি বস্তা ফেলে দ্রুত সীমান্তের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত দুটি বস্তার ভেতর থেকে তিনটি পৃথক প্যাকেটে রাখা মোট ৯ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রামগড় ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমন, মানবপাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে বাহিনীটি।
বিজিবি কর্তৃপক্ষ সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদক, চোরাচালান, মানবপাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।