দুর্গম ছোটহরিণায় অসহায় মানুষের পাশে বিজিবি: সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পে আর্থিক অনুদান বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্যাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রাঙামাটির দুর্গম ছোটহরিণা এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদান এবং প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে হরিণা জোন (১২ বিজিবি) মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণা জোন অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
এ সময় জোনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহায়তা, অসহায় পরিবারের বসতঘর মেরামতের জন্য ঢেউটিন, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। সহায়তা পাওয়া ব্যক্তিরা বিজিবির এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে অভিহিত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, “বিজিবি শুধু দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনই করে না, বরং সীমান্তবর্তী জনগোষ্ঠীর কল্যাণ ও উন্নয়নেও সমানভাবে কাজ করে। বিশেষ করে ছোটহরিণার মতো দুর্গম, নদীবেষ্টিত পার্বত্য অঞ্চলে বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে হরিণা জোন শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোগত সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এলাকার অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা বলেন, দুর্গম এলাকায় সরকারি সুযোগ-সুবিধা পৌঁছানো অনেক সময় কঠিন হলেও বিজিবি নিয়মিতভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করছে, যা এলাকার মানুষের মধ্যে আস্থা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করছে।
উল্লেখ্য, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং মানবিক সহায়তামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে বিজিবি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ছোটহরিণায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচালিত এ সহায়তা কার্যক্রম তারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।