আসামে ৩৮ কেজি স্বর্ণ জব্দ, আন্তর্জাতিক চোরাচালান চক্রের সংশ্লিষ্টতার সন্দেহ
![]()
নিউজ ডেস্ক
ভারতের আসাম রাজ্যের গৌহাটি শহরে অভিযান চালিয়ে প্রায় ৩৮ কেজি সন্দেহভাজন চোরাচালানি স্বর্ণ জব্দ করেছে পুলিশ। বাজারমূল্যে জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় ৫৪ কোটি রুপি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে গৌহাটিতে এটি সবচেয়ে বড় স্বর্ণ জব্দের ঘটনাগুলোর একটি বলে মনে করা হচ্ছে।
পুলিশ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লতাশিল থানার একটি দল গৌহাটির খারঘুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় স্বর্ণের চালানটি অন্যত্র পাচারের আগেই তা জব্দ করা হয়।
অভিযানে স্বর্ণের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং ৩ হাজার ৭০০ রুপি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির নাম অক্ষয় বানসুরে। অভিযান চলাকালেই তাকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, আটক ব্যক্তি একটি আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে চক্রটির পূর্ণ পরিধি কিংবা এর কার্যক্রম সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মধ্য দিয়ে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণ পরিবহনের বিষয়ে গোপন তথ্য পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়। সময়মতো পদক্ষেপ নেওয়ায় চালানটি অন্যত্র সরিয়ে নেওয়ার আগেই জব্দ করা সম্ভব হয়েছে।
বর্তমানে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বা আন্তঃরাজ্যভিত্তিক কোনো বৃহত্তর স্বর্ণ চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।