বন্যাকবলিত সুনামগঞ্জে আনসার-ভিডিপির উদ্যোগে শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ
![]()
নিউজ ডেস্ক
বন্যাকবলিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে শিশুদের পুষ্টি নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ করেছেন।
সোমবার (২৯ জুন) দিনব্যাপী পরিচালিত এ কার্যক্রমে বন্যার কারণে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের দিন কেন্দ্রে আসতে না পারা শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়।
দলনেতা শাহ আলী ও সহকারী কমান্ডার হযরত আলীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল নৌকাযোগে ও পানি মাড়িয়ে মল্লিকপুর, কামরাবন্দসহ ছয়টি গ্রামের বিভিন্ন বাড়িতে পৌঁছে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। একই সঙ্গে অভিভাবকদের রাতকানা প্রতিরোধ এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’-এর গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

আনসার-ভিডিপি জানায়, দুর্যোগকালেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ মানবিক কার্যক্রমের প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের আওতায় কোনো শিশু যাতে বন্যার কারণে সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই দুর্গম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ক্যাপসুল বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।