যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ও ধাপে ধাপে সেনা প্রত্যাহারের চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা ও গুলিবর্ষণের মধ্যেই বিস্ফোরণ ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনা ঘটেছে। এছাড়া গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩২১ জনে পৌঁছেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও বৃহস্পতিবার (৯ জুলাই) রাত থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। এর মধ্যে দক্ষিণাঞ্চলের টাইর জেলার আল-মানসুরি শহরের কাছে একটি ইসরায়েলি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

রাতে টাইর জেলার বিয়্যাদা এলাকা থেকে বুয়ুত আল-সাইয়্যাদ অভিমুখে মেশিনগান থেকে গুলি চালায় ইসরায়েলি সেনারা। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, খিয়াম শহরের আশপাশে সামরিক তৎপরতা অব্যাহত রেখে ইসরায়েলি ট্যাংক ও সামরিক যান বিরকেত আল-হাম্মাম এলাকার দিকে অগ্রসর হয়।

এদিকে মারজাইউন জেলার কান্তারা এলাকায় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। এছাড়া বেইত ইয়াহুন এলাকা থেকে বিন্ত জবেইল জেলার ব্রায়াশিত শহরের আবাসিক এলাকায় গুলি চালানো হয়। এতে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩২১ জন নিহত এবং ১২ হাজার ২০৪ জন আহত হয়েছেন।

এদিকে এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম শহরে ব্যাপক বিস্ফোরণ ঘটিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেয়ার অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সংস্থাটি জানায়, রাতভর একের পর এক বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ, গাজার মতো দক্ষিণ লেবাননেও পরিকল্পিতভাবে ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করে এলাকাকে বসবাসের অনুপযোগী করে তোলার চেষ্টা করছে তারা।

এদিকে নাবাতিয়েহ জেলার শুকিন ও কাফর দাজ্জাল এলাকার উপকণ্ঠে একটি পিকআপ ভ্যানে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সকাল ৬টার দিকে আবর্জনা নামানোর সময় ওই গাড়িতে হামলা হয়। এতে দুজন আহত হন।

লেবানন ও ইসরায়েল গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের ভূখণ্ড থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের একটি কাঠামোগত চুক্তিতে সই করলেও তার মধ্যেই সর্বশেষ এই হামলার ঘটনা ঘটল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *