টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফের নোয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ৭ জন এবং ওয়ারেন্টভুক্ত একজন আসামি রয়েছেন।
এ সময় একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি ও ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টেকনাফের নোয়াপাড়া রেজিস্টার্ড এফডিএমএন ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযানের সার্বিক নেতৃত্বে ছিলেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার।
এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আরআরআরসির প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) উপস্থিত থেকে অভিযান তদারকি করেন।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ ধরনের যৌথ অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, মাদক, অস্ত্র, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।