সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব

সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব

সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে আন্তর্জাতিক নৌপথ এবং জ্বালানি সরবরাহ রুটের নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। জোট গঠনের এক সপ্তাহের মাথায় এ নিয়োগ দেওয়া হলো।

মন্ত্রণালয় জানায়, আল-শেহরি জোটের যৌথ নৌ প্রতিরক্ষা কার্যক্রম তদারকি করবেন, সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করবেন এবং জোটের সনদ অনুযায়ী বিভিন্ন মিশন পরিচালনা করবেন।

গত ৩০ জুলাই বাহরাইন, বাংলাদেশ, কোমোরোস, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন এই বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দেয়।

সৌদি আরব জানিয়েছে, আরও কয়েকটি দেশ জোটে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করছে। কেউ যৌথ ঘোষণাপত্রে ইতোমধ্যে সই করেছে, আবার কেউ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেওয়ার আগে সনদে সই করার প্রস্তুতি নিচ্ছে।

মন্ত্রণালয় জোটটিকে একটি উন্মুক্ত আন্তর্জাতিক জোট হিসেবে উল্লেখ করে বলেছে, এর লক্ষ্য ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো দেশ এতে যোগ দিতে পারবে।

আগামী ১২-১৩ আগস্ট জোটের একটি পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত করা এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে।

জোটের সদস্য দেশগুলো জানিয়েছে, তাদের মূল লক্ষ্য বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ রুটের নিরাপত্তা জোরদার করা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *