পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে চাকমাদের নিজস্ব ভূমি দাবি মানছে না মিজোরামের জোরো
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে (সিএইচটি) চাকমাদের নিজস্ব ভূমি হিসেবে দাবি করার বিরোধিতা করেছে ভারতের মিজোরামভিত্তিক সংগঠন জো রিইউনিফিকেশন অর্গানাইজেশন (জোরো)।
শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ভারতের চাকমা সম্প্রদায়ের নেতারা বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার দাবি তুলেছেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার উদ্যোগ নেওয়ার কথা তারা জানতে পেরেছে। এ ধরনের দাবির সঙ্গে তারা একমত নয় বলেও জানিয়েছে জোরো।
বিবৃতিতে জোরো আরও দাবি করে, ১৯৪৭ সালের ১৭ আগস্ট চট্টগ্রাম পার্বত্য অঞ্চল পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার ঘটনাকে চাকমা নেতারা ‘চাকমা ব্ল্যাক ডে’ হিসেবে পালন করছেন। তবে সংগঠনটির দাবি, পার্বত্য অঞ্চলকে চাকমাদের নিজস্ব ভূমি হিসেবে দাবি করার কোনো ভিত্তি তারা স্বীকার করে না।
জোরোর ভাষ্য, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের আদি বাসিন্দা ও ভূমির প্রথম অধিকারী জো জনগোষ্ঠী। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার আগেও অঞ্চলটি জো জনগোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং তারা নিজেদের মতো করে সেখানে শাসন পরিচালনা করত বলে সংগঠনটি দাবি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, চাকমারা তুলনামূলকভাবে পরবর্তী সময়ে অন্য অঞ্চল থেকে চট্টগ্রাম পার্বত্য এলাকায় এসে বসতি স্থাপন করেছে। ফলে পার্বত্য অঞ্চলকে চাকমাদের পূর্বপুরুষের ভূমি হিসেবে উপস্থাপনের দাবি গ্রহণযোগ্য নয় বলে মনে করে জোরো।
সংগঠনটি পুনরায় দাবি করেছে, চট্টগ্রাম পার্বত্য অঞ্চল প্রাচীনকাল থেকেই জো জনগোষ্ঠীর ভূমি এবং এ অঞ্চলের ওপর তাদের ঐতিহাসিক অধিকার রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।