কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনে কারিগরি শিক্ষা বিভাগের সচিব
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, এনডিসি।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় সচিব প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, চলমান উন্নয়নকাজ ও অবকাঠামো ঘুরে দেখেন। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, এনডিসি।
সভায় বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) সামসুর রহমান খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব মো. মাহামুদ হাসান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক (উপসচিব) কাজী ফারুক আহমদ।
এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রমের বর্তমান অবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, চলমান বিভিন্ন কাজ, কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ ব্যবস্থার বিষয়েও সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন সচিবসহ সফরসঙ্গীরা।
কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও কার্যকর করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আধুনিক কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।
পরিদর্শনকালে সচিব প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তাঁর এ সফরের মাধ্যমে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।