মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বর্ণিল আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে কেক কেটে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশপ্রেমের আদর্শকে নতুন করে ধারণ করার দিন। তিনি দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের সুখে-দুঃখে পাশে থেকে বিএনপিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের অন্যতম প্রধান শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। প্রতিষ্ঠার পর থেকে দলের নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যেও জনগণের পাশে ছিলেন। আগামী দিনেও মাটিরাঙ্গায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাটিরাঙ্গার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহাম্মাদ চৌধুরী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দিনব্যাপী কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণে মাটিরাঙ্গা পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed