৮ মামলাতেই জামিন, দীপংকর তালুকদারের কারামুক্তিতে বাধা নেই

৮ মামলাতেই জামিন, দীপংকর তালুকদারের কারামুক্তিতে বাধা নেই

৮ মামলাতেই জামিন, দীপংকর তালুকদারের কারামুক্তিতে বাধা নেই
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা, পল্টন মডেল ও বংশাল থানায় করা পৃথক তিন মামলায় হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

এ নিয়ে জুলাই আন্দোলন-সংক্রান্ত মোট আট মামলায় জামিন পেলেন তিনি। ফলে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো না হলে তার কারামুক্তিতে আপাতত কোনো আইনগত বাধা নেই বলে জাগো নিউজকে জানিয়েছেন তার আইনজীবী।

রোববার (২০ সেপ্টেম্বর) জামিন চেয়ে করা পৃথক আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে দীপংকর তালুকদারের পক্ষে শুনানি করেন আইনজীবী অনাবিল আনন্দ রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলী খানম। তবে এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জাগো নিউজকে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সৈয়দা সাজিয়া শারমিন।

এজাহারে নাম নেই

ভাটারা, পল্টন মডেল ও বংশাল থানায় দায়ের করা তিন মামলায় অধস্তন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন দীপংকর তালুকদার।

তার আইনজীবী অনাবিল আনন্দ রায় জাগো নিউজকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় করা ওই তিন মামলার এজাহারে দীপংকর তালুকদারের নাম নেই।

তিনি বলেন, ‘দীপংকর তালুকদারের বয়স ৭৬ বছর। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। সন্দেহভাজন হিসেবে এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। হাইকোর্ট রুল দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। এ তিন মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তিতে আপাতত কোনো আইনগত বাধা নেই।’

যেভাবে তিন মামলায় গ্রেফতার

এর আগে গত ১৮ মে ভাটারা, পল্টন মডেল ও বংশাল থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় দীপংকর তালুকদারকে গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকার পৃথক তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তখন তিনি আগে করা পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন।

দীপংকর তালুকদারের আইনজীবী জানান, ওই পাঁচ মামলায় জামিননামা দাখিলের পর কারামুক্তির প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই নতুন তিন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এতে তার কারামুক্তি আটকে যায়।

গ্রেফতারের পর একে একে আট মামলা

আইনজীবী অনাবিল আনন্দ রায় জানান, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে পুলিশ দীপংকর তালুকদারকে গ্রেফতার করে।

২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষে যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় প্রথমে তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর ভাটারা, শাহবাগ, পল্টন ও বংশাল থানায় করা পৃথক চার মামলায় গ্রেফতার দেখানো হয় দীপংকর তালুকদারকে।

পরে ওই পাঁচ মামলায় জামিন পাওয়ার পর গত ১৮ মে ভাটারা, পল্টন মডেল ও বংশাল থানার পৃথক তিন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আজ রোববার ওই তিন মামলায়ও জামিন পেলেন তিনি।

আইনজীবীর ভাষ্য, এর আগে পাঁচ মামলায় এবং আজ তিন মামলায়—মোট আট মামলায় তিনি জামিন পেয়েছেন। এখন নতুন কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো না হলে মুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকবে না।

পাঁচবারের সাবেক সংসদ সদস্য

দীপংকর তালুকদার রাঙামাটি আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতারের আগ পর্যন্ত তিনি আত্মগোপনে ছিলেন। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *